নির্বাচন কমিশন (ইসি) সরকারের আনন্দের ঢাক-ঢোল পেটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইসি কোনও সাংবিধানিক দায়িত্ব পালন করছে না। শনিবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
সদ্য সমাপ্ত পৌর নির্বাচন সম্পর্কে রিজভী বলেন, গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হয়েছে। তবে জনগণের হার হয়েছে। পৌরসভার নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা মাঠে কাজ করতে পারেননি। যেখানে গণতন্ত্র অবরুদ্ধ, নেতাকর্মীদের নামের পাশে মামলা-হামলার দায় চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে খুব অল্প কয়েক জন নেতাকর্মী মাঠে কাজ করতে পেরেছেন।
২০ দলীয় জোট ভাঙার পেছনে সরকারের হাত আছে কি না—এমন প্রশ্নের জবাবে এরশাদ সরকারের উদাহরণ টেনে রিজভী বলেন, যখন কোনও সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তারা এ ধরনের কাজ করে। বিগত সময়ে এরশাদ সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বর্তমান সরকারও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণে তারাও এ ধরনের কাজ করছে।
ইসলামী ঐক্য জোটের একাংশ ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে রিজভী বলেন, মহাসাগর থেকে এক বালতি পানি তুলে নিলে কি আর মহাসগর শুকিয়ে যায়।
১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভাগুলোর নির্বাচন প্রসঙ্গে রিজভী করে বলেন, সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রধানের ভাইকে বিজয়ী করতে নোয়াখালীর চৌমহুনী পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থীকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাকে গণসংযোগ করতেও বের হতে দেওয়া হচ্ছে না। সরকার ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এতে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নেই। সেখানে বিএনপি প্রার্থীকে পরাজিত করতে যা-যা করার দরকার, তাই করছে সরকার। অথচ সেখানে বিএনপি প্রার্থীই এগিয়ে আছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য শাহিন শওকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোটেক কামরুল মনির, মহানগর সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বোলালিয়া থানার সভাপতি সাইদুর রহমান পিন্টু, জেলা বিএনপির দফতর সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।
/এমএনএইচ/








