আগামী ১৪ জুলাই সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে, এই ঘোষণা থেকে সরে এসে নির্বাচনের তারিখ পরিবর্তন করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের এমপি। তিনি জানান, ১৪ জুলাই জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী। শুক্রবার (৪ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা জানান।
জিএম কাদের বলেন, ‘১৪ জুলাই দিনটি জাতীয় পার্টি নেতা-কর্মী ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কোটি কোটি ভক্ত-অনুরাগীদের কাছে অত্যন্ত আবেগঘন দিন। এই দিনে সারাদেশে পল্লীবন্ধুর সাফল্যময় জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবার ঘোষিত তিনটি উপনির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেবে।’ তাই এরশাদের মৃত্যু বার্ষিকীতে উপনির্বাচনের ভোটগ্রহণ না করতে অনুরোধ জানান কাদের।
তিনি আরও বলেন, গেলো বছর ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ করে কোটি কোটি এরশাদপ্রেমীর অন্তরে আঘাত করেছিল নির্বাচন কমিশন। তাই পল্লীবন্ধুর মৃত্যুবার্ষিকী ১৪ জুলাইয়ের পরিবর্তে নির্বাচন কমিশন অন্য
যেকোনো দিনে ভোট গ্রহণ করতে পারে।’









