মহামারির ঈদে অসহায়দের সঙ্গী করতে রাজনীতিকদের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৮:৪৯আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৮:৪৯

করোনাভাইরাসের মহামারিকালে ধনী, দরিদ্রদের মিলেমিশে ঈদ করার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা আশা প্রকাশ করেন, পবিত্র ঈদ-উল আজহার প্রেরণায় উজ্জীবিত হয়ে সকল মানুষ পাশাপাশি থেকে ঈদ উদযাপন করবে।

সোমবার (১৯ জুলাই) পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে পৃথক-পৃথক বানীতে বিএনপি, জাতীয় পার্টি, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এলডিপি (একাংশ)-সহ কয়েকটি দলের শীর্ষ নেতারা এসব আহ্বান জানান। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন তারা।

স্বার্থচিন্তা পরিহার করে বিপন্ন মানুষের পাশে থাকুন

বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ঈদ-উল আজহা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ বাণী দিয়েছেন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কোরবানির ঈদ বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। যেকোনও উৎসব বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, উৎসবের রয়েছে একটি সার্বজনীন বৈশিষ্ট্য। উৎসব মানবজাতির এমন এক সাগর তীর যেখানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলেই শামিল হতে পারে। তাই স্বার্থচিন্তা পরিহার করে মানব কল্যাণ এবং সমাজে শান্তি, ন্যায়, সুবিচার ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় আমাদেরকে সচেষ্ট হতে হবে।’

তিনি বলেন, আসুন, আমরা অঙ্গীকার করি-এই ‘ত্যাগের উৎসবের’ দিনে করোনায় বিপন্ন মানুষসহ অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার। ঈদ-উল আজহা সকলের জীবনকে করে তুলুক আনন্দময়, মহান আল্লাহ তায়ালার দরবারে আমি এ প্রার্থনা  জানাই। ঈদ মোবারক।

করোনা না ছড়াতে সচেতন থাকার অনুরোধ জিএম কাদেরের

ঈদ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘ঈদ-উল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি। ’

জিএম কাদের বলেন, ‘মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই আবারও পবিত্র ঈদ-উল আযহা সমাগত। তাই, পশুর হাট ও ঈদ যাত্রায় যেন মহামারি করোনা ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে সচেতন থাকতে অনুরোধ করছি।’

জেএসডি'র ঈদ শুভেচ্ছা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র সভাপতি জনাব আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, ‘করোনা মহামারির এই সময়ে বিপুল নিরন্ন জনগোষ্ঠী ঈদের আনন্দের অংশীদার হতে পারবে না। আত্মত্যাগের বার্তাকে লালন করার মধ্য দিয়েই ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।’

জেএসডির দুই শীর্ষ নেতা বলেন, দারিদ্র সীমারেখার নিচে বসবাসকারী কয়েক কোটি মানুষের ঈদ নুন্যতম আনন্দঘন করার জন্য তাদের পাশে দাঁড়াতে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

সাইফুল হক ও শাহাদাত হোসেন সেলিম

অভাবী মানুষদের পাশে থাকার আহ্বান

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঈদ উৎসবের আগেই অভাবী, নিঃস্ব ও অসহায় পরিবারসমূহের কাছে খাবার বা নগদ টাকা পৌঁছাতে সরকারের প্রতি আহ্বান জানান। গরীবের প্রণোদনার অর্থ নিয়ে দুর্নীতি, অনিয়ম ও দলবাজি কঠোর হস্তে বন্ধ করারও তিনি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি মহামারিতে নিঃস্ব হওয়া শ্রমজীবী-মেহনতিসহ স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

অসহায় মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগ নেওয়ার আহ্বান

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। শুভেচ্ছা বার্তায় এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের মানুষও ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছেন। এই অবস্থায় সামর্থ্যবানদের সমাজের অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া উচিত।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম