জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পর এবার সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ দলটির সংসদীয় দলের বৈঠক ডেকেছেন। জাতীয় সংসদ ভবনে আজ মঙ্গলবার বিকাল ৩টায় ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করতে পারেন জাপার সংসদীয় দলের প্রধান রওশন।
রওশনপন্থী নেতা প্রতিমন্ত্রী মুজিবুল হক এ তথ্য জানিয়েছেন।
দলটির চেয়ারম্যান এরশাদ রবিবার রংপুরে ছোট ভাই জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও দলে তার উত্তরসূরি ঘোষণা করেন। এরশাদের ওই ঘোষণায় দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া হয়। পরদিনই রওশনের নেতৃত্বে দলের একটি অংশের বিদ্রোহের মুখে পড়েন এরশাদ। দলের মহাসচিব ও একাংশ সোমবার রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে।
ওই ঘোষণার এক ঘণ্টার মাথায় রংপুরে সংবাদ সম্মেলন ডেকে এরশাদ বলেন, রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটা অবৈধ।
উদ্ভূত পরিস্থিতিতে এরশাদ তার রংপুর সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে আসছেন। তিনি দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। এরই মধ্যে রওশনও জাপার সংসদীয় দলের বৈঠক ডেকেছেন।
/এসটি/








