বাবলুকে অব্যাহতি, জাপার নতুন মহাসচিব হাওলাদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৬, ১৪:২৯আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৬:২২

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে জোর করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে বক্তব্য প্রদান, দুই বছরে একটিও বর্ধিত ও প্রেসিডিয়ামের সভা করতে না পারা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে অব্যাহতি দিয়েছেন তিনি। মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির বনানী অফিসে জরুরি এক সংবাদ সম্মেলনে  এই ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। বনানীতে দলীয় কার্যালয়ে এরশাদের সংবাদ সম্মেলন
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমি হাওলাদারকে সরিয়ে বাবলুকে মহাসচিব করেছিলাম। বাবলু দুই বছরে একদিনও দলের বর্ধিত ও প্রেসিডিয়ামের সভা ডাকতে পারেনি। তিনি হঠাৎ করে পার্টির প্রেসিডিয়াম  ও বর্ধিত সভা ডাকতে পারেন না। আমার ঘোষণার পর তিনি পার্টিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তাকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হল।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ১২ এপ্রিল এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব নিয়োগ দিয়েছিলেন এরশাদ।
এরশাদ বলেন, ‘আমার স্ত্রী রওশন এরশাদের সঙ্গে আমার কোনও বিরোধ নেই। তিনি সংসদ চালাবেন, আমি পার্টি চালাবো। বিকেলে সংসদীয় দলের বৈঠক রয়েছে, সেখানেও আমি থাকবো। আমাদের মধ্যে বিভেদের চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের মধ্যে কোনও বিরোধ নেই।’

এরশাদ রওশন প্রসঙ্গে বলেন, ‘আমার স্ত্রী প্রেসিডিয়ামের কোনও বৈঠক ডাকেননি। সেখানে কোনও সিদ্ধান্ত হয়নি। উনাকে দিয়ে তারা স্টেটমেন্ট দেওয়ানোর চেষ্টা করেছিল। উনি স্টেটম্যান্ট দেন না। এই পার্টিকে কেউ বিভক্ত করতে পারবে না।’

ভাঙনের আশঙ্কা উড়িয়ে দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘অসম্ভব! জাপা ভাগ হবে না। আমি জাপার চেয়ারম্যান। যারা এর আগে চলে গেছে, তাদের সঙ্গে ৮-১০ জন লোকও যায়নি। যে দুই জন (ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু) দলে বিভ্রান্তির চেষ্টা করছেন, তাদের সঙ্গেও কেউ নেই। আজকের ঘটনায় জাপায় নবজাগরণ সৃষ্টি হয়েছে।’

এর আগে ১৭ জানুয়ারি রংপুরে ছোটভাই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ঘোষণা করেছিলেন এরশাদ। সংবাদ সম্মেলনে এরশাদের বাম পাশে ছিলেন জি এম কাদের। ডান পাশে ছিলেন এ বি এম রুহুল আমিন হাওলাদার। আরও উপস্থিত ছিলেন সোমবার রওশন এরশাদের বাসভবনের বৈঠকে উপস্থিত থাকা জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, আবুল কাশেমও। জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূ্‌ইয়া, নুরুল ইসলাম নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।   

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘জি এম কাদের পার্টির কোচেয়ারম্যান। আমি তাকে যেটুকু দায়িত্ব দেবো তিনি ততোটুকুই পালন করবেন। আর হাওলাদার এর আগেও তিনটি কাউন্সিল সফলভাবে সম্পন্ন করেছেন। তার অভিজ্ঞতা রয়েছে। তাই তাকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।’

এরশাদ আক্ষেপ করে বলেন, ‘সর্বশেষ কাউন্সিলে কাজী জাফরকে চেয়ারম্যান ও হাওলাদারকে সদস্য সচিব করেছিলাম, এর আগে ব্যারিস্টার আনিসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছিলাম, হাওলাদারকে সরিয়ে দিয়েছিলাম, তখন তো গঠনতন্ত্রের কথা বরা হয়নি। এখন কেন বলা হচ্ছে। আমি পার্টির চেয়ারম্যান। আমার ক্ষমতা রয়েছে। আমি ৩৯ ধারা মোতাবেক যেকোনও সিদ্ধান্ত নিতে পারি। পরে সেটা প্রেসিডিয়ামে পাস করিয়ে নেবো।’

প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছাড়ার বিষয়ে এরশাদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সম্মান করেন। আমাকে সম্মানিত করেছেন। আমি ওনাকে (প্রধানমন্ত্রী) বলবো, আমাকে ছেড়ে দিন। আমি সারাদেশ ঘুরে বেড়াবো, পার্টিকে শক্তিশালী করবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো।’

এর আগে সোমবার জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘গঠনতন্ত্রে কোচেয়ারম্যান কোন পদ নেই। গতকাল পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডিয়ামের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই তার আপন ভাই জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ও তার উত্তরাধিকার ঘোষণা দেন। একই সঙ্গে পার্টির সম্মেলনের জন্য জি এম কাদেরকে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব ঘোষণা দেন। এটা গঠনতন্ত্রের সম্পূর্ণ বহির্ভূত।’

/এসটিএস/এফএস/এসএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম