স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর ইতিহাসে শ্রেষ্ঠতম অর্জন বলে জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বিভিন্ন দলের নেতারা এ মনোভাব প্রকাশ করেন। তারা মনে করেন, পঞ্চাশ বছর পরও দেশের মৌলিক অধিকারগুলো থেকে জনগণ বঞ্চিত।
৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে দেশের আপামর জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, ‘স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা বাংলাদেশের বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর ইতিহাসের শ্রেষ্ঠতম অর্জন। স্বাধীনতা শুধুমাত্র পরাধীনতার নাগপাশ থেকেই মুক্তি দেয়নি, স্বাধীনতা আত্মপরিচয় প্রতিষ্ঠিত করে দিয়েছে।’
তারা বলেন, ‘স্বাধীনতা আত্মপরিচয় ও আত্মশক্তিতে বলীয়ান হয়ে জাতীয় অগ্রগতি-উন্নয়ন-বিকাশের স্বর্ণদ্বার খুলে দিয়েছে। স্বাধীনতার পথ বেয়েই বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে এবং বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের মানুষের মুক্তিসংগ্রামকে ধ্বংস করতে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী অতর্কিত হামলা করে ঢাকায় ছাত্র-ইপিআর-পুলিশ-বস্তিবাসীসহ অসংখ্য নিরীহ ঘুমন্ত মানুষকে হত্যা করেছিল। তারা মুক্তিযুদ্ধের ৯ মাসে ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছে, দুই লাখ নারীকে নিপীড়ন করেছে, কিন্তু বিজয় ঠেকিয়ে রাখতে পারেনি।’
বিবৃতিতে সিপিবি উল্লেখ করে, আজ ৩০ লাখ মানুষের রক্ত ও দুই লাখ নারীর ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশ শাসকগোষ্ঠীর লুটপাট আর ভ্রান্তনীতির কারণে জন্মকালীন স্বাধীনতার চেতনা থেকে অনেক দূরে। গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা-জাতীয়তাবাদ-সমাজতন্ত্রের অঙ্গীকার থেকে দূরে সরে গেছে শাসকগোষ্ঠী।
দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এক বার্তায় তারা বলেন, ‘আজকের এই ঐতিহাসিক দিবসটি উদযাপনের সময় শুধু মনে হয় বিজয় দিবস, স্বাধীনতা দিবসটা আরও আনন্দময় ও তাৎপর্যবহ হতে পারতো যদি মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং অঙ্গীকার অনুযায়ী আমরা দেশটাকে গড়ে তুলতে পারতাম। দুর্ভাগ্য যে স্বাধীনতার পঞ্চাশ বছর পরও আমরা আমাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত।’
এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশবাসীকে মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। চেয়ারম্যান বলেন, ‘বাঙালি জাতি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেনি। ’৭১ এর ২৬ মার্চ বীর বাঙালি যেভাবে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তা বিশ্ব ইতিহাসে অনন্য।
তিনি আশা প্রকাশ করেন, মহান স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে জাতি বিরাজমান সকল সমস্যা কাটিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এ লক্ষ্যে তিনি সকল দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।









