বর্ষীয়ান লেখক, বিশিষ্ট সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো পৃথক-পৃথক বিবৃতিতে তারা শোক প্রকাশ করেন। স্থানীয় সময় বুধবার (১৮ মে) রাতে যুক্তরাজ্যের লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেন গাফফার চৌধুরী।
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রখ্যাত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতার জগত থেকে এক উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়লো।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিসংগ্রামের বিভিন্ন পর্যায়ে গাফফার চৌধুরীর লেখনী বিশেষ করে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ বাঙালির চিরকালীন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এছাড়াও মুক্তিযুদ্ধকালীন তার প্রকাশিত পত্রিকা ‘জয় বাংলা’ মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুগিয়েছে।
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন- আব্দুল গাফফার চৌধুরী তার মেধা-কর্ম ও লেখনিতে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখেছেন। তার সাংবাদিকতা বহুবিধ কর্ম এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, আব্দুল গাফফার চৌধুরী জ্ঞান ও প্রজ্ঞা তার কলম বাঙালি জাতির প্রতিটি ক্রান্তিকালে জনগণ পথের দিশা দিয়েছে।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের প্রতি গভীর অনুরাগ ছিল আবদুল গাফফার চৌধুরীর। একাত্তরে মহান স্বাধীনতা সংগ্রামে তার সাহসী ভূমিকা নতুন প্রজন্মের গণমাধ্যম কর্মীদের দেশপ্রেমে উজ্জীবিত করবে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে সাপ্তাহিক “জয়বাংলা” প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছেন। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। আবদুল গাফফার চৌধুরী তার কর্মের মাঝেই দীর্ঘকাল বেঁচে থাকবেন।
আব্দুল গাফফার চৌধুরী মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। তারা বলেন, গাফফার চৌধুরীর মৃত্যু জাতির একটি অধ্যায়ের সমাপ্তি। একে একে আমাদের জ্ঞানের বাতিঘর গুলো নিভছে। বাঙালি জাতির জাগরনে এক অনন্য দ্বীপশিখা ছিলেন গাফফার চৌধুরী।’
ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক বলেন, তার মৃত্যুতে দেশের মানুষ একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী মানুষকে হারালো।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, মহান ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় আজীবন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রয়াত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী দেশের অগ্রযাত্রা, গণতন্ত্র ও স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার তাগিদ থেকে সাহসী কলম সৈনিক হিসাবে নিবেদিত ছিলেন।









