বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,শহীদদের সংখ্যাতত্ত্ব নিয়ে গা জ্বালা করার তো কোনও কারণ নেই। এ নিয়ে ম্যাডাম (খালেদা জিয়া) যা বলেছেন তা যথার্থ। ক্ষমতায় গিয়ে বিএনপি গুনে গুনে শহীদদের তালিকা প্রকাশ করবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, শহীদের সংখ্যা নিরূপণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ গ্রহণ করেছিলেন।এ জন্য তিনি একটি কমিশন গঠন করেছিলেন। তার দুই সদস্য এখনও জীবিত আছেন। তারা গুনে গুনে ৪৪ হাজার শহীদ পেয়েছিলেন। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আরও লোক বাড়াও। ওই সময়ে তিনি ২ হাজার টাকা করে ভাতাও দিয়েছিলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, তার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) ইচ্ছা ছিলো শহীদের সঠিক তালিকা করে তাদেরকে ভাতা দেওয়া। আপনি (শেখ হাসিনা) কাজটি বন্ধ করেছেন। আপনি বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চান। তা হলে এই স্বপ্ন বাস্তবায়ন করছেন না কেন?
বিএনপির এই নেতা বলেন,আমাদের নেত্রী বলেছেন,৩০ লাখ নিয়ে মতভেদ আছে। আমি আজকে নেত্রীর পক্ষ থেকে বলে যাচ্ছি,আপনি ( শেখ হাসিনা) না করলেও আমরা ক্ষমতায় গিয়ে গুনে গুনে শহীদদের তালিকা প্রকাশ করবো।
গয়েশ্বর বলেন,বিএনপি ক্ষমতায় এলে শহীদের প্রকৃত সংখ্যা নিরূপণ করে তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা এবং ভাতা দেওয়া হবে। খালেদা জিয়ার আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এই কাজটি হাতে নেবে কি না সে বিষয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চান তিনি।
সরকার অস্বাভাবিক মৃত্যু নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন,আমরা কার মুক্তি চাই ?কে মুক্ত ? আমরা সবাই বন্দি। মির্জা আব্বাস ছোট কারাগারে। আর এদেশের ১৬ কোটি মানুষ বৃহৎ কারাগারে আবদ্ধ আছে। তাদের মুক্তির আগমনে সবাইকে শরিক হতে হবে।।
অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থি বলে প্রধান বিচারপতি এস কে সিনহা যে মন্তব্য করেছেন তা সঠিক বলেও মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন,তার (প্রধান বিচারপতি) ওই বক্তব্যের পর তাকে উদ্দেশ্য করে যেভাবে কথা বলা হচ্ছে,তাতে কি আদালত অবমাননা হয়না?
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমেদ মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জামেল হক,মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস প্রমুখ।
এসটিএস/ এমএসএম







