প্রবীণ রাজনীতিক ও ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য ছিলেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন মুক্তিযুদ্ধের সংগঠক। পরবর্তী সময়ে তিনি জাতীয় রাজনীতিতেও ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনে পঙ্কজ ভট্টাচার্য ছিলেন নির্লোভ, নিরহংকার। আমি তার আত্মার শান্তি কামনা করছি।’
রবিবার (২৩ এপ্রিল) দিবাগত মধ্য রাতে ৮৩ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিক। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
উল্লেখ্য, পঙ্কজ ভট্টাচার্য ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও পরে কার্যকরী সভাপতি নির্বাচিত হন । মুক্তিযুদ্ধের সময় ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন। স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া, পঙ্কজ ভট্টাচার্য ১৯৯৩ সালে ড. কামাল হোসেনের গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমণ্ডলীর সদস্য। পরে সম্মিলিত ‘সামাজিক আন্দোলন’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। সর্বশেষ ২০১৩ সালে তিনি ঐক্য ন্যাপ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।









