ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি তাদের দলের জন্য প্রার্থী খুঁজে না পেলে সরকার পুলিশের মাধ্যমে প্রার্থী খুঁজে দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার আশুলিয়ার জামগড়া এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের সংস্কার কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপির প্রার্থী সঙ্কট, তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। তারা সরকারের কাছে বললে, সরকার পুলিশ দিয়ে তাদের প্রার্থীদের খুঁজে দেবে। মনোনয়পত্র জমা দেওয়ার সময় সব দলেই অন্য দলের প্রার্থীদের বাধা দেওয়ার মতো ঘটনা ঘটে থাকে। আওয়ামী লীগের কিছু লোক বিএনপিকে বাধা দিতে পারে। এছাড়া নির্বাচনে বিএনপিকে বিএনপির লোকজনও বাধা দিতে পারে। এগুলো স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা করতে পারে। তবে কেন্দ্রীয়ভাবে দল থেকে এ ধরনের কোনও নির্দেশনা নেই।’
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এদেরকে সরকার কখনওই বাধা দিতে পারে না। সরকারের কাজ বাধা দেওয়া নয়। যাদের নামে মামলা চলছে তারাই পালিয়ে বেড়াচ্ছে।’
এ সময় তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপিকে বাধা দিচ্ছে কে সঠিকভাবে তাদের নাম বলুন আমরা ব্যবস্থা নেবো।’
ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তার বিরুদ্ধে শুধু সমন জারি হয়েছে, কোনও গ্রেফতারি পরোয়ানা নয়।’
মহাসড়কের পাশে অবৈধ স্থাপনার সঙ্গে অনেক জনপ্রতিনিধি ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকায় উচ্ছেদ অভিযানে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। এ সময় মন্ত্রী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘সাভার ও আশুলিয়ার বিভিন্ন সড়কের পাশে অবৈধ স্থাপনা আগামী ১৫ মার্চের মধ্যে উচ্ছেদ করা হবে।’
এছাড়াও বুধবার এসএমএসি (স্ম্যাক) নামের অস্ট্রেলিয়ার একটি কোম্পানির সঙ্গে প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাভার ডিইপিজেড পর্যন্ত ২০ কিলোমিটার উড়াল সেতু এবং ২২ কিলোমিটার র্যামের কাজের জন্য পরামর্শক নিয়োগের চুক্তি স্বাক্ষর হবে বলে মন্ত্রী জানান।
/বিটি/এফএস/








