সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১২ জুলাই ‘এক দফা’ ও ‘কর্মসূচি’ ঘোষণা করবে বিএনপি। এদিন রাজধানীর নয়া পল্টনে সমাবেশের মধ্য দিয়ে এসব কর্মসূচি দেবে দলটি।
রবিবার (৯ জুলাই) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
এদিকে, সরকার পতন আন্দোলনের যুগপৎ দাবি ও কর্মসূচি ঘোষণা করতে যুগপতে যুক্ত বিরোধী রাজনৈতিক দলগুলো সংবাদ সম্মেলন করতে আগ্রহী। দলীয় সক্ষমতার প্রশ্নে সমাবেশের চেয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই পরবর্তী কর্মসূচি জানাতে ইচ্ছুক দলগুলো। নতুন কর্মসূচির ক্ষেত্রে বিএনপি ও সমমনা দলগুলো সমাবেশ কর্মসূচি দিতে পারে। শুরুর দিকে সমাবেশ ও পরের দিকে কঠোর প্রকৃতির কর্মসূচি নিয়ে আলোচনা এখনও অব্যাহত আছে বলে জানান একাধিক দলের শীর্ষ নেতা।
গণতন্ত্র মঞ্চ ১২ জুলাই জাতীয় প্রেস ক্লাব বা কোনও মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নতুন ঘোষণা দেবে বলে জানান মঞ্চের সমন্বয়ক সাইফুল হক।
১২ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে জানান, ১২ দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল সোমবার (১০ জুলাই) বিকাল ৩টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করবেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এতে উভয় পক্ষের লিয়াঁজো কমিটির সদস্যরা থাকবেন।
সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ড. কর্নেল (অব.) অলি আহমদের (বীর বিক্রম) নেতৃত্বাধীন এলডিপির সঙ্গে বৈঠক করবেন বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ রবিবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল বৈঠকের পর আমরা কীভাবে কর্মসূচি জানাবো, তা নির্ধারণ করবো। কাল আলোচনা আছে, এরপর জানাবো।’
গণফোরাম (একাংশ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মতিঝিলে দলের কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচি ও একদফা ঘোষণা করবো।’
এছাড়া, জাতীয়তাবাদী সমমনা জোট, লেবার পার্টি প্রভৃতি দলও যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে ১২ জুলাই।









