ক্ষমতাসীন সরকারের অধীন যে নির্বাচন হয়, সেটা পক্ষপাতমূলক হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা ছারওয়ার কামাল আজিজী।
রবিবার (২৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত ‘বহুমুখী সংকটে বাংলাদেশ, উত্তরণ কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আলোচনা সভায় আল্লামা ছারওয়ার কামাল আজিজী বলেন, মাওলানা মামুনসহ হাজার হাজার ওলামাকে জেলে প্রেরণ করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। পাশাপাশি সুষ্ঠু, নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন চাই। ক্ষমতাসীন সরকারের অধীন যে নির্বাচন হয়, সেটা পক্ষপাতমূলক হয়। কিছু দিন আগের নির্বাচনে হিরো আলমকে আক্রমণ করা হয়েছে। এটা কি সুষ্ঠু নির্বাচনের চিত্র? ইসলামি খেলাফত ছাড়া এ দেশে সুষ্ঠু শাসন কায়েম হবে না।
তিনি বলেন, দেশ বর্তমানে যে সংকটে আছে, সেট হুট করেই চলে যাবে না। সংকট ধীরে ধীরে নিরসন করতে হবে। এখন যে শাসন ব্যবস্থা, দুর্নীতি চলছে তা অরাজকতার নিদর্শন। দুঃশাসন কায়েমের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ওলামা সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করলে এর সমাধান হবেই।
আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।









