জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেছেন, ‘আমরা আমাদের জীবন নিয়ে উদ্বিগ্ন নই, আমরা উদ্বিগ্ন আমাদের রাষ্ট্র নিয়ে, হাজারও শিক্ষার্থীর জীবন নিয়ে। এক যুগের বেশি সময় ধরে আমাদের অনেক নেতাকর্মী বাড়িতে যেতে পারে না। অনেকে দুই ঘণ্টা ঘুমাতে পারে না। সব সময় রাষ্ট্রীয় বাহিনী আমাদের পেছনে ধাওয়া দিয়ে বেড়াচ্ছে।’
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে বিএনপির নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তিনি বলেন, “ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী একটি সন্ত্রাসী সংগঠন। স্বাধীনতার পরই ১৯৭৩ সালে ১ জানুয়ারি ‘ভিয়েতনাম দিবস’ উপলক্ষে বের করা মিছিলে শিক্ষার্থী হত্যার মাধ্যমে যে কলঙ্কিত অধ্যায় তারা রচনা করেছিল তার ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান বলেন, ‘তারা অবাধে নিজেদের অপকর্ম চালিয়ে যেতে চায়। ছাত্রদল যাতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কোনও প্রতিবাদ করতে না পারে, সে উদ্দেশ্যে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হচ্ছে। ক্যাম্পাসে আজ সহাবস্থান বলতে কিছু নেই।’
রাশেদ ইকবাল বলেন, ‘বিএনপি নাকি সহিংস রাজনীতি করার জন্য অস্ত্র সরবরাহ করছে। প্রশাসনের অতি উৎসাহী গোয়েন্দা কর্মকর্তারা তা প্রমাণ করার জন্য মাঠে নেমে পড়েছেন। তারই ধারাবাহিকতায় ঢাবির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে আটক করার দুই দিন পর পুরোনো অস্ত্র দেখিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। জিসানের খোঁজ নেওয়ার জন্য ছাত্রদলের কয়েকজন সিনিয়র নেতা তার বাসায় গেলে তাদেরকেও আটক করা হয়। সে দিন যদি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি না দিতো হয়তো তাদের আটকের বিষয় আইনশৃঙ্খলা বাহিনী স্বীকার করতো না।’
তিনি বলেন, ‘মাগুরা ছাত্রদল নেতাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মারাত্মকভাবে আহত করার পর তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বুধবার মারা যান। এছাড়া গত কয়েকদিনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ ছাত্রনেতাদের সারা দেশে অবাধে গ্রেফতার করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ সভাপতি তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, রিয়াদ ইকবাল, নিজামউদ্দিন রিপন, মাহবুব মিয়া, আক্তারুজ্জামান আক্তার, নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক মঞ্জুর রিয়াদ, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম, সহ-কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক তাইফুর রহমান ফুয়াদ প্রমুখ।









