বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলগুলো শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীতে কালো পতাকা মিছিল করবে। এ দিন রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে কালো পতাকা নিয়ে মিছিল বেরুবে। সরকার পতনের এক দফা দাবিতে অনুষ্ঠেয় এই কর্মসূচি সকাল থেকে মহানগরীর নানা জায়গায় শুরু হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে এই মিছিল শুরু হবে বিকাল ৩টায়। নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সমানে থেকে শুরু হয়ে মিছিলটি দয়াগঞ্জে শেষ হবে। এতে মির্জা আব্বাসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ব্যানারে মিছিল শুরু হবে একই সময়ে। শ্যামলী রিং রোড থেকে শুরু করে শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্টেশন গিয়ে শেষ হবে। এতে আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য নেতারা থাকবেন।
গণতন্ত্র মঞ্চ বিকাল ৪টায় শাহবাগ মোড় থেকে এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেট, ‘১২ দলীয় জোট’ বেলা ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে শুরু করে শান্তিনগর মোড়, ‘জাতীয়তা সমমনা জোট’ বেলা ৩টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে, ‘এলডিপি’ বেলা ৩টায় কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে থেকে, এছাড়া ‘গণফোরাম ও পিপলস পার্টি’ বিকাল ৪টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে নয়া পল্টন হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করবে।
‘গণঅধিকার পরিষদ’ বিকাল ৪টায় পুরানা পল্টন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় অফিসের সামনে থেকে, ‘গণঅধিকার পরিষদ ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান’ বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, ‘লেবার পার্টি’ সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে, ‘এনডিএম’ বিকাল ৫টায় মালিবাগ এনডিএম দলীয় কেন্দ্রীয় অফিসের সামনে, ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ সকাল ১০টায় সেগুনবাগিচা স্কুলের সামনে থেকে পুরানা পল্টন হয়ে প্রেস ক্লাব, ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, ‘সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট’ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কর্মসূচি পালন করবে।
এছাড়াও বিএনপি নেতৃত্বাধীন ঘোষিত যুগপৎ ‘১-দফা’ কর্মসূচির অংশ হিসেবে আরও যেসব দল এই কর্মসূচি পালন করবে সেগুলো হচ্ছে– ‘এবি পার্টি’ বেলা ১১টায় বিজয় নগর শ্রম ভবন সামনে থেকে, ‘এনডিপি’ বেলা ৩টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে, ‘জনতার অধিকার পার্টি’ বিকাল ৩টা ৩০ মিনিটে বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে শুরু করবে। তবে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি কোথায় কর্মসূচি পালন করবে তা জানা যায়নি।









