দ্বাদশ নির্বাচনে ভোট চাওয়ার জন্য যে প্রার্থীরা যাবেন তাদের কাছে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) নেতারা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর বিজয় নগর ও পল্টন এলাকায় প্রহসনের নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে গণসচেতনতামূলক প্রচারপত্র বিলি ও পথ বক্তব্যে এসব কথা বলেন দলের নেতারা।
পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, এই নির্বাচন সব দিক দিয়ে অবৈধ ও সংবিধানের লঙ্ঘন। যারা এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত তারা জনতার আদালতে দেশদ্রোহী।
সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু জনগণকে উদ্দেশ্য করে বলেন, যারা নৌকা বা নানা মার্কা সম্বল করে ডামি নির্বাচনে আপনাদের কাছে ভোট চাইতে যাবে তাদের কাছে আপনারা পেঁয়াজের কেজি কেন আড়াইশ টাকা তা জিজ্ঞাসা করবেন।
এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসেন ও শ্রমিক নেতা শাহ্ আব্দুর রহমানসহ কেন্দ্র এবং মহানগর নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।









