দেশবাসীকে আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে জোটের পক্ষ থেকে রবিবার সারাদিন খোঁজ-খবর নিতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়।
বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।
সভা থেকে দেশবাসীকে ৭ জানুয়ারি সর্বক্ষণ ‘ঘরে থেকে’ প্রহসনের ভোট বর্জন এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠকে সোচ্চার রাখাসহ ভোট, ভাত ও গণতান্ত্রিক অধিকার আদায়ে নবতর আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সভায় গোপীবাগে ট্রেনে আগুন এবং মানুষ হত্যা, বাসে আগুন, বিভিন্ন স্থাপনায় আগুনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনায় পরস্পরকে দোষারোপ না করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, এর সঙ্গে জড়িতদের গ্রেফতার, বিচার এবং নেপথ্যের হোতাদের খুঁজে বের করার দাবি জানানো হয়।
সভায় এসব ঘটনায় নিহতদের শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় বলা হয়, ২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় আগামীকাল ৭ জানুয়ারি সরকার দেশে এক নতুন ধরনের নির্বাচনি প্রহসন সংঘটিত করতে যাচ্ছে। যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করবে। সরকারের কর্তৃত্ববাদী, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী প্রবণতা আরও বাড়বে। বিদেশি সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির চাপও দেশের ওপর চেপে বসতে চাইবে। ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপতৎপরতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে আগামীকাল ৭ জানুয়ারি ‘ঘরে থেকে’ সরকারের নির্বাচনি নাটকের বিরুদ্ধে জনগণের অবস্থান ঘোষণা করুন। আগামী দিনের নবতর আন্দোলনের প্রস্তুতি ও পথরেখা রচনার জন্য লড়াইয়ের প্রস্তুতি নিন।
কেন্দ্রীয় মনিটরিং সেলে খবর পাঠানোর আহ্বান
আগামীকাল ৭ জানুয়ারির ঘটনাবলী সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা ও পর্যবেক্ষণের জন্য বাম গণতান্ত্রিক জোটের অস্থায়ী কার্যালয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। সার্বিক বিষয়ে মনিটরিং সেলে খবরাখবর পাঠানোর জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।









