ছাত্র-জনতার আন্দোলনের সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে বিএনপি।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খানসহ কয়েকজন ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার তার সরকারি বাহিনী দিয়ে নৃশংসভাবে যে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা প্রথম থেকে কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, জাতিসংঘের কাছে এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও আমরা চিঠি দেবো।’
তিনি আরও বলেন, ‘একইসঙ্গে ইউএই (সংযুক্ত আবর আমিরাত) যেখানে আমাদের প্রায় ৫০ জন শ্রমিককে বন্দি করা হয়েছে, এই আন্দোলন সমর্থন জানানোর জন্য। আমরা তাদের মুক্তির জন্যও উদ্যোগ নিতে সরকারকে চিঠি দেবো।’
এসব চিঠি দুই-একদিনের মধ্যে দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব।









