২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আক্রমণে হতাহতের ঘটনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে অভিযুক্ত করে দায়ের করা মামলায় বিস্ময় প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে দলটি।
মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বলা হয়- নারীনীতি ও শিক্ষানীতি বিরোধিতা করে হেফাজতের তের দফা দাবির ব্যাপারে ওয়ার্কার্স পার্টি তার বিরোধিতা প্রকাশ্যেই ব্যক্ত করেছে। কিন্তু শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত ব্যবস্থার সঙ্গে ওয়ার্কার্স পার্টি বা সভাপতি হিসাবে রাশেদ খান মেনন বা ওয়ার্কার্স পার্টির কোনও সম্পর্ক ছিল না।
এতে বলা হয়, একইভাবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরে সংঘটিত ঘটনায় রাশেদ খান মেননকে অভিযুক্ত করে আন্তর্জাতিক আদালতে দায়ের করা অভিযোগও বিস্ময়কর। রাশেদ খান মেনন ও ওয়ার্কার্স পার্টি সব সময় ছাত্রদের দাবি এমনকি প্রধানমন্ত্রীর সাক্ষাতে দাবি সম্পর্কে আলোচনা মাধ্যমে সমাধানের কথা বলেছেন। এ সম্পর্কে সে সময়কালে ওয়ার্কার্স পার্টির বিবৃতিগুলো তার প্রমাণ দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের অভিযোগ বা মামলা দায়ের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মর্মবস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং তার সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে বলে ওয়ার্কার্স পার্টির সভায় আশা প্রকাশ করা হয়, আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে সে অনুসারে তারা তাদের প্রত্যয়ে দৃঢ় থাকবে এবং যেকোনও প্রতিশোধমূলক ঘটনা থেকে সংশ্লিষ্টদের বিরত রাখবে।









