জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার বিকালে আশুলিয়া থানায় নিরাপত্তা চেয়ে আলাদা দুটি সাধারণ ডায়েরি করেন দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো.সাইফ উদ্দিন আবির ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম হিমেল। জিডি নম্বর যথাক্রমে ১৩২১ ও ১৩২০।
এ বিষয়ে মুঠোফোনে আশুলিয়া থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার ও উপ-পরিদর্শক মোর্শেদ আলী মোল্লা জিডির বিষয়টি জানাতে অনীহা প্রকাশ করেন। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন কাদেরকে ফোন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়টি আলোচনায় আসার দরকার নেই। আমাদেরকেও কখনও কখনও টেকনিক্যাল ম্যানার্স করতে হয়।’ এক পর্যায়ে বিষয়টি বাদ দিতে (সংবাদ প্রকাশ না করতে) অনুরোধ করেন তিনি।
তবে আশুলিয়া থানার সিলসহ অভিযোগপত্র দুটি বাংলা ট্রিবিউনের এই প্রতিনিধির কাছে আসে।
এ বিষয়ে রাজিব আহমেদ রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রকাশিত সংবাদে তথ্যের বিভ্রান্তি ও অমিল থাকার কারণে ওই দুই সাংবাদিককে ফোন করা হয়েছিল। এটাকে অন্যভাবে নিলে করার কিছুই নেই।’
আবিরের অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি দৈনিক মানবকণ্ঠে ‘জাবিতে ছাত্রলীগের মিছিলে না যাওয়ায় অর্ধশত শিক্ষার্থীর মানবেতর জীবন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে ছাত্রলীগের মিছিলে না যাওয়ায় মওলানা ভাসানী হলের সাধারণ শিক্ষার্থীদের রুম থেকে বের করে দেওয়ার ঘটনায় ওই হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। পরে ছাত্রলীগ নেতা রাজিব আবিরকে মুঠোফোনে ভয়ভীতি প্রদর্শন করে সংবাদ প্রকাশের কারণ জানতে চান। এক পর্যায়ে রাজিব উত্তেজিত হয়ে অশালীন শব্দ ব্যবহার করে সংবাদের সত্যতা প্রমাণ করতে না পারলে ‘সহজে ছাড় দেব না’ বলে হুমকি দেন।
হিমেলের অভিযোগ থেকে জানা যায়, গত ১২ মার্চ বিকালে বাংলানিউজে ‘ঢাকা-আরিচা মহাসড়কে জাবি ছাত্রলীগের বাস ভাঙচুর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে জড়িত থাকার ঘটনায় রাজিবের অনুসারী শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নাম সংবাদে উল্লেখ করা হয়। পরে ছাত্রলীগ নেতা রাজিব মুঠোফোনে হিমেলের সঙ্গেও একই আচরণ করেন। এ সময় তিনি ঘটনা প্রমাণ না করতে পারলে তার (হিমেল) বিরুদ্ধে শুধু ব্যবস্থা নয়, আরও অনেক কিছুই করা হবে বলে হুমকি প্রদান করেন।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাংবাদিকদের বলেন, আমি অভিযোগের ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখবো।
/এনএস/এএইচ/








