ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ‘৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চিরঅম্লান স্মৃতি। দীর্ঘ দেড় যুগের নৃশংস ফ্যাসিবাদের উৎখাত প্রচেষ্টার সফলতা এসেছিল এই দিনে। রক্তে রাঙ্গা এই দিন আমাদের স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্ত স্থায়ী বিলোপের লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ করে।’
সোমবার (৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমরা যদি সেই প্রতিজ্ঞায় ঐক্যবদ্ধ হতে পারি এবং প্রয়োজনীয় নীতিগত ও আইনি সংস্কারের মাধ্যমে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে বিলোপ করতে পারি তাহলেই জুলাইয়ের রক্ত ও উৎসর্গিত জীবন সার্থকতা পাবে।’
তিনি বলেন, ‘৫ আগস্ট ও জুলাইয়ের স্মৃতি আমাদের জনতার ঐক্য ও সংহতির সুফল দেখায়। দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের আবারও জুলাইয়ের ঐক্য ও সংহতির নজির স্থাপন করতে হবে।’
পীর চরমোনাই বলেন, ‘মনে রাখতে হবে, কেবল ক্ষমতার পালাবদলের জন্য জুলাই আসে নাই বরং স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য জনতা রক্ত দিয়েছিল। তাই স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য আইনি ও নীতিগত সিদ্ধান্তের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি জুলাই-২৪ এ আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।









