জুন থেকে দশ টাকা দরে খোলাবাজারে চাল বিক্রি হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার দিনাজপুর জেলার বিরল উপজেলায় কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ অপশক্তির রাজনীতি করে না, উন্নয়নের রাজনীতি করে। প্রতিহিংসার রাজনীতি করলে এ অল্প সময়ে দেশ এত উন্নত হতো না। তিনি বলেন, দেশে রাজনৈতিক দল দু’টি। একটি আওয়ামী লীগ অপরটি আওয়ামী বিরোধী। আওয়ামীবিরোধী একটি ক্লাবের নাম বিএনপি, যারা স্বাধীনতার মহান নায়ক, শহীদদের নিয়ে কটূক্তি করেন, মুক্তিযুদ্ধ ও এর আদর্শকে অস্বীকার করতে চান। আর আওয়ামী লীগের আমলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
দেশের অবকাঠামো, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অভাবনীয় উন্নয়ন হচ্ছে উল্লেখ করে উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান খালিদ মাহমুদ চৌধুরী।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম কাজী মোহাম্মদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
/পিএইচসি/এমএনএইচ/








