শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ নভেম্বর ২০২৬, ২০:৩০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২০:৩০

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বলেছেন, ‘ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত শিরোনামগুলো বিভ্রান্তিকর এবং মূল সূত্রের সঙ্গে সাংঘর্ষিক।’ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) উল্লেখ করেন, দেশীয় গণমাধ্যমগুলোর শিরোনাম পড়লে মনে হয় শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন। কিন্তু রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্যেই স্পষ্ট করা হয়েছে, তথ্যটি এসেছে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বিবৃতি থেকে। সেখানে ‘হার স্পোকসপারসন টোল্ড রয়টার্স’ উল্লেখ থাকলেও দেশীয় গণমাধ্যমের শিরোনামে মুখপাত্রের কোনো উল্লেখ না থাকায় তথ্যের উৎস অস্পষ্ট থেকে গেছে। শিরোনামের শেষে কোলন দিয়ে শুধু ‘রয়টার্স’ লেখায় মুখপাত্রের বিবৃতিটি শেখ হাসিনার সরাসরি বক্তব্য হিসেবে প্রতীয়মান হচ্ছে।

তিনি আরও লেখেন, রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস, যা বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৫৬ মিনিটে প্রথম প্রকাশিত হয় এবং পরে সংশোধন করা হয়। প্রতিবেদনটির প্রথম বাক্য ও সারসংক্ষেপে শেখ হাসিনার পক্ষের দাবির পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের অবস্থানও তুলে ধরা হয়েছে। সরকার জানিয়েছে, তিনি কেবল প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরতে পারবেন।

অথচ দেশীয় অনেক গণমাধ্যমের শিরোনামে শুধু ‘বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান’ অংশটি একপক্ষীয়ভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব। একই অনুরোধকে সরকার যে অলীক বা ‘ডিলিউশনাল’ বলে নাকচ করেছে, শিরোনামগুলোতে তার কোনো ইঙ্গিত রাখা হয়নি। ফলে শিরোনাম পড়ে পাঠক খবরের অর্ধেক অংশই জানতে পারছেন।

সুজাউদ্দৌলা আরও জানান, রয়টার্সের প্রতিবেদনে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনেক দেশীয় গণমাধ্যমে বাদ পড়েছে। এর মধ্যে রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য। রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী; একজন পলাতক সন্ত্রাসী।’ 

তিনি আরও বলেন, ‘তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন; হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারিতে।’ 

এছাড়া উড়োজাহাজের অনুরোধ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এ ধরনের কোনও অলীক অনুরোধ গ্রহণ করবে না।’

পোস্টে উল্লেখ করা হয়, রয়টার্সের ওই প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্যও রয়েছে। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির সরকারের কাছে দেশে ফেরার ব্যবস্থা আশা করা অযৌক্তিক। অন্যদিকে, মন্তব্যের অনুরোধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়; যদিও গেলো এপ্রিল মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে।

মেট্রিক্স চেম্বারের মাধ্যমে শেখ হাসিনার জাল সই দিয়ে পাসপোর্ট আবেদনের ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বর্তমান বিবৃতিটিকেও একই ধরনের তৎপরতা এবং ভারতীয় সাংবাদিকের লেখা একধরনের ‘স্ট্যান্ডবাজিমূলক প্রতিবেদন’ হিসেবে অভিহিত করেন।

/এএইচএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান
ইটিএ ছাড়াই শ্রীলঙ্কার ফ্লাইটে উঠতে পারবেন বাংলাদেশিরা
ইটিএ ছাড়াই শ্রীলঙ্কার ফ্লাইটে উঠতে পারবেন বাংলাদেশিরা
ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রী ‘প্রেমিকা’ নিয়ে রাত কাটালেন হাসপাতালে
ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রী ‘প্রেমিকা’ নিয়ে রাত কাটালেন হাসপাতালে
বদলির পরও সরকারি বাসা না ছাড়লে দ্বিগুণ ভাড়া আদায়ে কঠোর নির্দেশনা
বদলির পরও সরকারি বাসা না ছাড়লে দ্বিগুণ ভাড়া আদায়ে কঠোর নির্দেশনা
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ