ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের বাসায় হামলা হয়েছে। এতে প্রার্থী নাসির উদ্দিনসহ তার নেতাকর্মীরা আহত হয়েছেন। আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী তফাজ্জল হোসেনের ভাই ও তার লোকজন এই হামলা চালায় বলে দাবি করেছেন নাসির উদ্দিন।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টা ১০ মিনিটে রূপনগর আবাসিক এলাকার ৮নম্বর সড়কের বাসায় এ হামলার ঘটনা ঘটে বলে জানান ঠেলা গাড়ি প্রতীকে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘রেডিও প্রতীকের আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী তফাজ্জল হোসেনের ভাই ও তার লোকজন এসে অতর্কিত আমার ওপর হামলা চালায়। আমি পায়ে আঘাত পেয়েছি। আমার লোকজনকে মারধর করেছে। আমি বাড়ির ভেতরে আমার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করার সময় তারা এই হামলা চালায়।’
নাসির উদ্দিন দাবি করেন, ‘হামলা করে চলে যাওয়ার সময় তফাজ্জলের ভাই ও অন্য আরেকজন আটকা পড়ে। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে গেছে।’
তবে কাউকে আটকের কথা অস্বীকার করেছেন রূপনগর থানা পুলিশ। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ হতাহত হয়নি, কাউকে আটকও করা হয়নি।’








