৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন আলাদা মিছিল ও ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসছেন। সমাবেশের কারণে বেলা পৌনে ২টার দিকে জিরো পয়েন্ট থেকে গুলিস্তান স্কয়ার পর্যন্ত রাস্তার একপাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
শর্তসাপেক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছ থেকে আজ মঙ্গলবার সমাবেশের অনুমতি পায় আওয়ামী লীগ। একই সময়ে নয়া পল্টনে শর্ত মেনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। পাঁচটার মধ্যে দুই দলকেই সমাবেশ শেষ করতে হবে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের কাছে দুপুর থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হয় সিটি করপোরেশন পরিবহন শ্রমিক-কর্মচারী লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগসহ বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড শাখার নেতাকর্মীরাও দলে দলে যোগ দিচ্ছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আবদুল মতিন খসরু, হাজী সেলিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন এমপি সামাবেশস্থলে এসে যোগ দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই সমাবেশে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে।
ছবি: ওমর ফারুক।
/ওএফ/এফএস/এফএ/








