সরকার নয়, ২০ দলীয় জোট ভাঙনের জন্য খালেদা জিয়া নিজেই দায়ী বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বের ব্যর্থতা ও ভুল রাজনীতি জোটের মিত্রদের হতাশ করেছে। রবিবার দুপুর ১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৪৪তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, জোট ভাঙনের জন্য মির্জা ফখরুলসহ যারা এটা নিয়ে কান্নাকাটি করছেন, তারাও ভুল রাজনীতির শিকার। আশাকরি বিএনপি নেতাকর্মীরা বেগম জিয়ার পক্ষ ছেড়ে গণতন্ত্রের পথে আসবেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর সঙ্গে কারও তুলনা করা মানে বাংলাদেশের ইতিহাসকে খাটো করে দেখা। মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে বাংলাদেশ পুনর্গঠনের ঈমাম একজনই। সেই ঈমাম বঙ্গবন্ধুর পেছনে সারিতে অনেক মোকাব্বের আওয়াজ তুলেছেন। যারা জিয়ার মতো মোকাব্বেরদের ঈমাম বানানোর চক্রান্ত করছেন তারা সেই মোকাব্বেরদের ভূমিকাকেও খাটো করেন এবং বাংলাদেশকে অস্বীকার করেন।
এসময় তথ্যমন্ত্রী ইতিহাস বিকৃতি ছেড়ে বঙ্গবন্ধুর মহিমাকে স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের সঠিক ইতিহাস চর্চা করার আহ্বান জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. তৌহিদুল ইসলাম আলম মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।
/এআর/এফএ/








