আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এখন থেকেই কাজ করতে হবে। ২০২৩-এর নির্বাচনে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবেন এই আশা রাখি।’
বুধবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন মায়া বলেন, ‘বিএনপি দুষ্কৃতকারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত। এরা মিথ্যাবাদী ও নাশিল পার্টি। প্রেসক্লাব ও পল্টনে বসে তারা দেশ ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের মিথ্যা কথায় এখন জনগণ রাস্তায় নামে না।’
বিএনপি আরেকটি ৭৫ ঘটাতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্র, নির্বাচন কমিশন, সংবিধান মানে না। তাদের কথা একটাই– তারা হত্যার মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। পাকিস্তানের প্রেতাত্মা হয়ে কাজ করতে চায়। বিএনপি আরেকটি ৭৫ ঘটাতে চায়। তারা শেখ হাসিনাসহ স্বাধীনতার পক্ষের শক্তিকে ধ্বংস করতে চায়। এটা আমরা হতে দিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। সাহস থাকলে রাজপথ দখল করেন। মনে রাখবেন, রাজপথে আওয়ামী লীগের জন্ম।’
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতা কর্মীদের উদ্দেশ করে মায়া বলেন, ‘একটি শক্তিশালী শ্রমিক সংগঠন না থাকায় শ্রমিকদের ভাগ্যের চাকা ঘোরেনি। তারা এখনও নির্যাতিত, অবহেলিত। বিএনপির দুঃশাসনকালে এই শ্রমিকরা আমাদের সঙ্গে রাস্তায় ছিল। আপনাদের দাবিগুলো সময় সুযোগ করে প্রধানমন্ত্রীকে জানিয়ে সমাধানের চেষ্টা করবো।’
সংগঠনটির সভাপতি মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইনসুর আলীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবীবুর রহমান সিরাজ এবং শ্রমিক লীগের নেতারা।








