গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে শনিবার বিকালে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন গত ২৩ আগস্ট এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা বরে। আগামী ১২ সেপ্টেম্বর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। ফজলে রাব্বী গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।









