ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ছাত্রলীগের সম্মেলন হবে আগামী ৩ ডিসেম্বর। আর ২৬ নভেম্বর মহিলা লীগ এবং ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৪ নভেম্বর) বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, এই তিনটি সম্মেলনই হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি সম্মেলনেই উপস্থিত থাকবেন।
এর আগে গত মে মাসের শুরুতেই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সহযোগী সংগঠনগুলোর সম্মেলন ডিসেম্বরের আগেই শেষ করার নির্দেশনা দেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা অনুযায়ী গত ১০ মে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভায় ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সম্মেলন নিয়ে নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ছাত্রলীগের সবশেষ ২৯তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৮ সালের ১১ ও ১২ মে। নতুন নেতৃত্ব নির্বাচন ছাড়াই শেষ হয় ওই সম্মেলন। এর আড়াই মাস পর ৩১ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কমিটি চূড়ান্ত করেন।
আর ২০০৪ সালের ৫ মার্চ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ২০১৭ সালের ১৭ মার্চে সংগঠনটির দ্বিতীয় ও সবশেষ জাতীয় সম্মেলনে সভাপতি পদে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে অপু উকিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন।
আর সহযোগী আরেক সংগঠন মহিলা আওয়ামী লীগের সবশেষ জাতীয় সম্মেলন হয় ২০১৭ সালের ৪ মার্চ। এতে সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।









