নির্বাচন কমিশন ঘোষিত রংপুর সিটি করপোরেশন নির্বাচন (মেয়র পদে), ৫টি পৌরসভা নির্বাচন (মেয়র পদে) ও ৫৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (চেয়ারম্যান পদে) দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। দলটির মনোনয়ন প্রত্যাশীরা রবিবার (২০ নভেম্বর) থেকে বুধবার (২৩ নভেম্বর) প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ ফরম সংগ্রহ করতে এবং জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার(১৭ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনও প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী বুধবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।








