‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের কোনও সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘দণ্ড শেষ না হওয়া পর্যন্ত তিনি সশরীরে রাজনীতি করতে পারবেন না।’
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় মহিলা সংস্থায় দুটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়া একটা দলের চেয়ারপারসন। তিনি রাজনীতি করতে পারেন, সে ক্ষেত্রে তো কোনও বাধা নেই। রাজনৈতিক নেতারা বিভিন্ন কারণে জেলে যেতে পারেন। জেলখানা থেকেও দলের রাজনীতি পরিচালনা করতে পারেন। কিন্তু যখন দণ্ডপ্রাপ্ত কেউ হয়, তখন সরাসরি রাজনীতি করার সুযোগ হয় না। দণ্ড শেষ না হওয়া পর্যন্ত সশরীরে রাজনীতি করার সুযোগ নেই।’
হানিফ বলেন, ‘খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। আমাদের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী একজন দণ্ডপ্রাপ্ত, যার দুই বছরের সাজা রয়েছে, তার সাজা শেষ হওয়ার পাঁচ বছর পর নির্বাচনে অংশ নিতে পারবে।’
খালেদা জিয়া দলের কার্যালয়ে যেতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘তিনি তো জামিনে নেই। বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ক্ষমতাবলে অনুগ্রহে, অনুকম্পায় চিকিৎসার জন্য বাসায় আছেন।’
বিএনপি ২০১৩ সাল থেকে সরকার পতনের আন্দোলন করে যাচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, ‘আগে খালেদা জিয়ার নেতৃত্বে করেছে, এখন লন্ডনে পলাতক তারেক রহমানের নেতৃত্বে করছে। প্রতিবছরই তারা এই আন্দোলন হবে, ঈদের পরে হবে, সরকার পতন হবে এমন কথা বলে আন্দোলন করে। এসব কথা বলে তারা কোনোরকমে কর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করে।’
যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বহুবার বলেছি বিএনপি বা অন্য কোনও রাজনৈতিক দলের শক্তি নেই আন্দোলন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে। কারণ আওয়ামী লীগ এ দেশের প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল।’
দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে, এমনটি উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপিকে আন্দোলন আন্দোলন খেলা বন্ধ করে নির্বাচন অংশ নেওয়ার প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে জন্য অংশ নিলে বিএনপির অস্তিত্ব টিকে থাকবে। আর যদি অংশ না নেয়, তাহলে অস্তিত্ব সংকটে পড়বে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপরাজিতা হক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সাহিত্যিক ফেরদৌসী রুবীর লেখা ‘কম্পাস’ ও ‘ল্যাম্পপোস্ট’ বই দুটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা।









