গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে এবং বরিশালে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে ফরম সংগ্রহ করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) দুপুর পর্যন্ত ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। রবিবার (৯ এপ্রিল) থেকে বুধবার (১২ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর বর্তমান মেয়র। তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আলী কামাল ও স্থানীয় সংসদ সদস্য এনামুল হক। এ সময় রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
মোহম্মদ আলী কামাল সাংবাদিকদের বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য খায়রুজ্জামান লিটনই কেবল উপযুক্ত ব্যক্তি। রাজশাহী মহানগর, জেলা, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ সর্বস্তরের নেতাকর্মী লিটন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। উন্নয়নের স্বার্থেই নগরবাসী খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার পক্ষে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস তালুকদার ও মহানগরের সভাপতি জাহাঙ্গীর হোসেন ফরম সংগ্রহ করেন। এসময় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
এছাড়া খুলনা সিটি করপোরেশনের মেয়র পদেও দুইজন ফরম সংগ্রহ করেছেন। পাঁচ সিটির পাশাপাশি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র ফরম বিক্রি করা হচ্ছে।









