মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা করছে জাতীয় শ্রমিক লীগ। সোমবার (১ মে) বিকালে শুরু হওয়া এই সমাবেশে বিপুল নেতাকর্মী নিয়ে শোডাউন করছে যুবলীগ। তাদের ব্যানারই দেখা যাচ্ছে সমাবেশস্থলে।
মঞ্চ থেকে সমাবেশে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ব্যানার নামিয়ে ফেলার আহ্বান জানানো হয়। তাতে কাজ না হওয়ায় মঞ্চ থেকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ব্যানার সরাতে বলেন। সমাবেশ সঞ্চানলার দায়িত্বে থাকা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরুও বারবার ব্যানার গুটিয়ে ফেলার অনুরোধ জানান।
জানা গেছে, শ্রমিক লীগের সমাবেশে জাতীয় শ্রমিক লীগের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। এসব সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করে সমাবেশে আসেন। বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন সড়কে জড়ো হন তারা।
শ্রমিক লীগের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বক্তব্য রাখার কথা রয়েছে।
এরই মধ্যে বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।









