সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা প্রসারের পাশাপাশি সংস্কৃতি ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ইতোমধ্যে ৬৪ জেলায় আয়োজন করা হয়েছে সাহিত্যমেলা। তাছাড়া প্রথমবারের মতো উপজেলা সাহিত্যমেলার আয়োজন করা হয়েছে গত ২৭ জুলাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সব মিলিয়ে সংস্কৃতি ক্ষেত্রে এক নবজাগরণ সৃষ্টি হয়েছে। এ সাংস্কৃতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে।
সোমবার (৩১ জুলাই) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘দেশব্যাপী প্রতিভা অন্বেষণ’ শীর্ষক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিল্পকলা একাডেমি এ আয়োজন করে।
কে এম খালিদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল। আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে-বিদেশে আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি যথেষ্ট সমাদৃত হয়েছে এবং প্রচার-প্রসার ঘটেছে।’
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সাংস্কৃতিক অগ্রযাত্রা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নবীন ভোটারসহ সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
জেলা পর্যায়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬৪ জেলা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং ঢাকা মহানগর থেকে শুধু প্রথম স্থান অধিকারীসহ মোট এক হাজার ৩৬৫ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩। পঞ্চগীতিকবির গান, লোকসংগীত, দেশাত্মবোধক গান, সাধারণ নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক আবৃত্তি, একক অভিনয়সহ সাতটি বিভাগের আওতায় ২১টি শাখায় চূড়ান্তভাবে ৬৩ জন প্রতিযোগী বিজয়ী হন।
প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সিলেট অঞ্চলের তিন গুণী শিল্পী (আধ্যাত্মিক সাধক ও বাউল সুফী আরকুম শাহ, মরমি বাউল ও গীতিকার কামাল পাশা এবং বাউল সাধক দুর্বিন শাহ) স্মরণে ‘বাংলাদেশ সংস্কৃতি ফোরাম’ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা করেন।









