জাতির পিতা ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ৭ মার্চ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যারা ৭ মার্চ মানে না বা পালন করে না, তারা স্বাধীনতায় বিশ্বাস করে কিনা সন্দেহ আছে।
বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘যারা আজ ৭ মার্চকে অস্বীকার করে, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটি সন্দেহজনক। ৭ মার্চ ছাড়া বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতা হতে পারে না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘৭ মার্চের ভাষণ শুধু একটি ভাষণ নয়, এটি একটি জাতির মুক্তির লক্ষ্যে রচিত মহাকাব্য। জাতির পিতা ঘোষণা করেছিলেন, ‘‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’’ তিনি এও বলেছিলেন, ‘‘যার যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থেকো, শত্রুর মোকাবিলা করতে হবে।’’ অর্থাৎ তিনি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং ২৬ মার্চ পর্যন্ত সময় নিয়েছিলেন। এরপর তিনি চূড়ান্ত স্বাধীনতা ঘোষণা করেছিলেন।’
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে ৭ মার্চেই তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। সেদিন ঢাকা থেকে পাকিস্তান গোয়েন্দা সংস্থা রাওয়ালপিন্ডিতে রিপোর্ট পাঠিয়েছিল, ‘‘চতুর শেখ মুজিব কার্যত পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আমাদের চেয়ে চেয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না।’’ অর্থাৎ বঙ্গবন্ধু এমনভাবে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যে তাতে করে তাকে অভিযুক্ত করারও সুযোগ ছিল না।’
এর আগে, ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান তিনি।
পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাত্রীপ্রতিম সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।








