আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা সদরে মাদ্রাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ মে) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এর আয়োজন করে।
এদিন আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, সোবহানবাগ মসজিদ কমপ্লেক্স এতিমখানা, ফরাশগঞ্জ অরফানেজ সোসাইটি, মোহাম্মদপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাড্ডা বেরাইদ রহিম উল্লাহ মাদ্রাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়।
এ ছাড়া চট্টগ্রামে হজরত আমানত শাহ মাজার, গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন এতিমখানা এবং কদম মোবারক এতিমখানা, সিলেটে হজরত শাহ জালাল মাজার সংলগ্ন এতিমখানা, পাবনা, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা সদরে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের বিশেষ প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিবেন্দু বিকাশ বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার (১৬ মে) তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুষম খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।









