বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার আদালতে এক কোটি টাকার মানহানি মামলা হয়েছে। মামলাটি করেছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও মুরাদনগর উপজেলার ছাত্রলীগ শাখার সহ-সম্পাদক শরিফুল আলম চৌধুরী।
বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২ জুনের মধ্যে কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার দুপুরে আদেশ দেন। কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলি আদালতের বিচারক ফাহাদ বিন আমীন চৌধুরী এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এসটি আহমেদ ফয়সাল।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশে খালেদা জিয়া তার ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের মামলার নথিতে উল্লেখ করা ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ ৩০০ মিলিয়ন ডলার জমা আছে। তার এ বক্তব্যে জয়ের ব্যাপক মানহানি হয়েছে।
এ কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একমাত্র আসামি করে কুমিল্লার আদালতে মানহানি মামলা করেছেন শরিফুল আলম।
/এসটি/এজে








