চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী হত্যা, নাটোরে সংখ্যালঘু হত্যা, এসব ঘটনা থেকেই বোঝা যায় দেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। দেশে বার বার জঙ্গি হামলা ও সাম্প্রদায়িক হামলা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতি দেশে আগে কখনও ছিল না।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মেয়র অধ্যাপক এমএ মান্নান মুক্তি পরিষদ আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতন এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
গাজীপুরের মেয়র এমএ মান্নানকে মামলা দিয়ে রিমান্ডে নিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, মান্নান জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। সরকারের লুটপাটের বিরুদ্ধে এবং তাদের অন্যায়ে সঙ্গ না দেওয়ায় আজ তার এ অবস্থা।
সদ্য শেষ হওয়া ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সাবেক এই ছাত্রনেতা বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং আওয়ামী লীগের নমিনেশন প্রাপ্ত প্রার্থীদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ মারা যাচ্ছে। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ অভিযোগ করছেন এগুলো নাকি বিএনপির কাজ!
আলোচনা সভায় গাজীপুরের ১৯নং ওয়ার্ডের কাউন্সিল তানভীর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর বিএনপির বিভিন্ন নেতা।
/এসআইএস/এনএস/এএইচ/
আরও খবর পড়ুন-








