দেশে বিরোধী দলের রাজনীতির করার সুযোগ না থাকলে জঙ্গিবাদ ও উগ্রবাদ আরও বেশি প্রকট হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আমরা আশা করব, সরকার একটি গণতান্ত্রিক পরিবেশ ও অধিকার ফিরিয়ে দেবে। যেন বিরোধী রাজনৈতিক দলগুলো মুক্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। আর না দিলে সরকারেরই বেশি ক্ষতি।’ রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজন করে।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘বিরোধী দলগুলো যদি তাদের অধিকার ও রাজনৈতিক পরিবেশ ফিরে পায়, তাহলে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিহত করা সহজ হবে। ’
মওদুদ আহমদ বলেন, ‘বিএনপি জনগণের দল। সাধারণ মানুষের দল। আমরা সব সময় দেশের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। তাই যেকোনও বিপর্যয় আসুক না কেন, যতই নির্যাতন, হামলা-মামলা, গুম, খুন, অপহরণ করা হোক না কেন, বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। বিএনপি শুধু ১৬ কোটি মানুষের পাশে থাকবেই না বরং সাথে থাকবে।’
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও আয়োজক সংগঠনের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ ড্যাব নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, আওয়ামী লীগের দুই মন্ত্রীকে আপিল বিভাগের অর্থদণ্ডের বিষয়ে সোমবার বিএনপি আনুষ্ঠানিক মত জানাবে বলে মওদুদ আহমদ জানান।
/এসটিএস/এমএনএইচ/







