মিয়ানমার সরকারের মতো রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে সরকার কূটকৌশল গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি শ্রদ্ধা জানান।
রোহিঙ্গা ইস্যুতে বিএনপি নোংরা রাজনীতি করছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনায় তিনি বলেন,‘উনার (ওবায়দুল কাদের) বক্তব্যে অত্যন্ত দুঃখজনক। সমগ্র বিশ্ব দেখছে কিভাবে একটি জাতিগোষ্ঠীকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মিয়ানমার সরকার নির্মূল করে দেওয়ার চেষ্টা করছে। আমরা (বিএনপি) শুধু জনগণের মনে কথার প্রতিফলন ঘটিয়ে গতকাল (শুক্রবার) মানববন্ধন করেছি, এখানে নোংরামির প্রশ্নই আসে না। আমরাই সঠিক কথা বলছি, বরং সরকার আজকে মিয়ানমার সরকারের মতো রোহিঙ্গা সমস্যা ধামাচাপা দিতে নানা কূটকৌশল গ্রহণ করেছে। যা এদেশের জনগণ গ্রহণ করছে না। তাই আমরা মনে করি সারা পৃথিবী যা দেখছে সেটাই সত্য আর মিয়ানমার সরকার যা বলছে এবং বাংলাদেশ সরকার যে সাফাই গাইছে তা কখনও সঠিক নয়।’
বিএনপির এই নেতা বলেন,‘যেসব রোহিঙ্গা বাংলাদেশে আসছে তারা যাতে পরবর্তীতে মিয়ানমারের নাগরিকত্ব পায় সে ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। একটি জাতিগোষ্ঠীকে নির্মূল করে দেওয়া কখনও সমর্থন করি না। কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদেরও ভারতে আশ্রয় নিতে হয়েছিল। তখনও কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তারা বলেছিল- কোনও কিছুই না,এরা (আমরা) শুধু শুধু বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে।’
এসময় বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহ-সভপাতি জেবা খান, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরীন খানসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।








