মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে তার গাড়িবহর বের হয়। পরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে যুক্ত হয় অপেক্ষমাণ গাড়িবহর।
এর মধ্যে নয়াপল্টন থেকে খালেদা জিয়ার বহরে যুক্ত হয়েছে প্রায় দুই শতাধিক গাড়িবহর। এই বহর এগিয়ে যাবে কাঁচপুর পর্যন্ত।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, খালেদা জিয়া তার গাড়িবহর নিয়ে ফেনীতে যাত্রাবিরতি করবেন। সেখানে দুপুরের খাবার ও জোহরের নামাজ আদায় করে ফের রওনা দেবেন চট্টগ্রামের দিকে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাড়ি ফিরোজা থেকে নয়াপল্টনের উদ্দেশে রওনা হন আমাদের নেত্রী। তার সফরসঙ্গী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশাল বহর।’
মিডিয়া উইং কর্মকর্তা আরও বলেন, ‘নির্বাচনি জেলা ফেনীর সার্কিট হাউজে দুপুরের খাবার ও নামাজের বিরতি দিয়ে বিকালে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন। নগরীর সার্কিট হাউজে রাতে থাকবেন তিনি। রবিবার সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়ে জেলা সার্কিট হাউজে বিশ্রাম নেবেন। ৩০ অক্টোবর সকাল ১১টায় কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিতে যাত্রা করবেন তিনি।’
শায়রুল কবির খান আরও বলেন, ‘সোমবার সকাল ১১টায় রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। দুপুর ২টার দিকে জেলার সার্কিট হাউজে বিশ্রাম নিয়ে রাতে চট্টগ্রামে এসে থাকবেন।’
বিএনপির মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৩১ অক্টোবর মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। পথে ফেনীতে যাত্রাবিরতি করবেন তিনি।’








