ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আরও একটি বিতর্কিত নির্বাচনের দিকে যাচ্ছে বলে মনে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার চালাচ্ছেন। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। বিএনপি’র নেতাকর্মীদের ওপর চলছে জুলুম, নির্যাতন, গ্রেফতার ও গণগ্রেফতার। এমন পরিস্থিতিতে জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে সরকার পরিকল্পিতভাবে ভিন্ন কৌশলে আরেকটি বিতর্কিত নির্বাচনের দিকে এগুচ্ছে।’
সংবাদ সম্মেলনে রিজভী জানান, আগামীকাল শনিবার হোটেল লা মেরিডিয়ানে সকাল ১০টা থেকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন খালেদা জিয়া।
তার অভিযোগ, ‘আমরা এমন এক দুঃসময়ের মধ্যে বাস করছি যে, স্বাভাবিক রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড করতে গিয়েও বিএনপি'র নেতারা সরকারি নির্যাতনের শিকার হচ্ছেন।’
রিজভী বলেন, ‘বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করা যেন আইনশৃঙ্খলা বাহিনীর পুতুল খেলা। যখন ইচ্ছা হচ্ছে বাসা, রাস্তা, হাটবাজার বা দলীয় কার্যালয় থেকে তাদের তুলে নিয়ে গিয়ে প্রথমে অস্বীকার করছে। এরপর শুরু হয় দর কষাকষি। বলা হয় বেশি টাকা দিলে হালকা মামলা দেওয়া হবে। আর কম টাকা দিলে কঠিন মামলা দেওয়া হবে। টাকা দিতে না পারলে শুরু হয় অমানবিক নির্যাতন।’








