পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত লিফলেট বিতরণ করেন দলটির নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালি, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এদিকে জাতীয় প্রেসক্লাব এলাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লিফলেট বিতরণ করার কথা থাকলেও তার মা অসুস্থ থাকার কারণে তিনি তা করতে পারেননি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহাসচিবের মা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। এই কারণে এখনও তিনি লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। ’
এর আগে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি, মানববন্ধন, অনশন, স্মারকলিপি ও কালো পতাকা, প্রতিবাদ মিছিলের মতো কর্মসূচি পালন করেছে বিএনপি।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। রায় ঘোষণার পর থেকে খালেদা জিয়া পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে রয়েছেন।








