বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে একদিন পিছিয়ে আগামী ১২ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করা হবে। এর আগে বৃহস্পতিবার (১ মার্চ) সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছিল, ১১ মার্চ জনসভা করতে চায় দলটি।
শুক্রবার (২ মার্চ) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী নতুন তারিখ ঘোষণা করেন।
রিজভী বলেন, ‘১১ মার্চ জনসভার অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছিল। এখন একদিন পিছিয়ে আগামী ১২ মার্চ এ জনসভা করার সিদ্ধান্ত হয়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাবোশের অনুমতি দেবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘জনসভা করার জন্য আমরা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলিকে চিঠি দিয়েছি। এর আগে গত ২২ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ও বই মেলার দোহাই দিয়ে আমাদের জনসভা করতে দেয়নি। এ করণে আবারও পুলিশকে অবহিত করেছি। আশা করছি আমরা সমাবেশের অনুমতি পাবো।’
ঢাকায় এ জনসভা ছাড়াও আগামী ১০ মার্চ খুলনা বিভাগে একটি বিভাগীয় সমাবেশ করা হবে বলেও জানান রিজভী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।








