বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে টাকা চুরির পেছনে এ ব্যাংকের একজন ক্ষমতাধর ব্যক্তি জড়িত। যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি’র নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘জনশ্রুতি আছে, রিজার্ভ চুরির পেছনে বাংলাদেশ ব্যাংকে একজন ক্ষমতাধর ব্যক্তি জড়িত,যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সরকারের নেই। বাংলাদেশ নামক স্টেটের ওপরে সুপারস্টেট কার্যকর আছে বলেই জনগণের টাকা হাওয়াই মিলিয়ে যায়। এই সুপারস্টেট কারা তা জনগণ জানে। তাদেরকে ঘাটলে নাকি সরকারের গদিও নড়ে যাবে।’
তিনি বলেন, ‘নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি হওয়ার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে এফবিআই নিশ্চিত করেছে। বিএনপি'র পক্ষ থেকে যে অভিযোগ করেছিলাম সেটিও এখন সত্য হয়ে দাঁড়িয়েছে।’
খালেদা জিয়ার মামলার রায়ের পর বিএনপি’র ৫ হাজার নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করছে বলে দাবি করেছেন রিজভীর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক আব্দুস সালাম, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।








