দেশে আইনের শাসনের অভাব রয়েছে। আইনের শাসন না থাকায় আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের রাজনীতি ও আইনের শাসন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভায় আমীর খসরুসহ অন্যরাআমীর খসরু বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৭৮ হাজার মামলা চলছে। আইনের শাসনের অভাবের কারণেই সরকারি দলের পক্ষের মামলায় একরকম বিচার আর বিরোধী দলের পক্ষের মামলায় অন্যরকম বিচার চলছে।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নয়, শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দেন।
সংসদের কাজ হচ্ছে জনগণের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটানো উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সংসদের কাজ সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া। অথচ এখন বেঁধে দেওয়া হচ্ছে সংবিধানের এক-তৃতীয়াংশের বেশি পরিবর্তন করা যাবে না। এর অর্থ হচ্ছে আগামীতে যে শিশু জন্মগ্রহণ করবে তাকে তার কাজকর্ম নির্ধারণ করে দেওয়া। আইন করে যদি আইন প্রণয়ন বা পরিবর্তন বন্ধ করে দেওয়া হয় তাহলে সংসদের কাজ কি?’ এ সময় গণতন্ত্র ও আইনের শাসন ফেরাতে পেশাজীবীদের ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
ব্যাংক লুটের বিষয়ে খসরু বলেন, ‘আজ ব্যাংকগুলো থেকে হাজার হাজার টাকা লুট হচ্ছে। বিদেশে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা প্রচার হচ্ছে। আমানত হিসেবে যে টাকা বাংলাদেশ ব্যাংকে থাকবে সেখান থেকেও আবার ফেরত দেওয়া হচ্ছে। যারা ব্যাংকগুলোর টাকা লুট করেছে তারাই আবার বাংলাদেশের ব্যাংকে জামানত থাকা টাকা ফেরত নিতে বাধ্য হচ্ছে। সরকারের চাপে বাংলাদেশ ব্যাংক অর্থমন্ত্রীসহ একটি হোটেলে বসে এ সিদ্ধান্ত নিয়েছে। গভর্নর হোটেলে বসে এ সিদ্ধান্ত নিতে পারেন না।’
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ঢাকা বারের নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা খানকে সংবর্ধনা দিতেই এই আলোচনা সভার আয়োজন করে ‘শিক্ষক কর্মচারী ঐক্যজোট’। শিক্ষক কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, খালেদা জিয়ার উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার প্রমুখ।








