প্রথমবারের মতো যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করতে যাচ্ছে বিএনপি। এই বৈঠকে যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার ছয় জন ও বিএনপির ৩ জন নেতা অংশ নেবেন। রবিবার (৭ অক্টোবর) রাত আটটার দিকে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় বৈঠকটি শুরু হবে। একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যুক্তফ্রন্টের পক্ষে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, মেজর (অব.) আব্দুল মান্নান অংশ নেবেন। জাতীয় ঐক্য প্রক্রিয়ার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আবম মোস্তফা আমীন থাকবেন। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ অংশ নেবেন।
চলমান জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে আজকের বৈঠক থেকে নতুন কোনও সিদ্ধান্ত আসতে পারে। তবে বৈঠকের খবর গণমাধ্যমে জানানো হয়নি। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বৈঠকের বিষয়বস্তু, লক্ষ্য ও কাজ সম্পর্কে কোনও কিছুই জানানো হবে না।
এ বিষয়ে জানতে ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে একাধিক নেতা বৈঠকের খবর নিশ্চিত করলেও পরিচয় উদ্ধৃত করতে রাজি হননি।








