বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কর্তৃত্ববাদী শাসন আরও পাকাপোক্ত করতে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর করা হয়েছে।
সোমবার ( ৮ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ শীর্ষক মতবিনিময় সভার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি আয়োজিত সভায় অংশ নেন গণমাধ্যম ব্যক্তিত্ব, কূটনৈতিকরা।
মুক্তিযুদ্ধের স্বপ্ন সম্পূর্ণভাবে ধূলিস্যাৎ করে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার সব আয়োজন সম্পন্ন করেছে মন্তব্য তিনি বলেন, ‘দেশের সব মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা নিয়ে সাংবাদিকসহ সব মহলে আলোড়নের সৃষ্টি করেছে। দেশে যে কর্তৃত্ববাদী শাসন চলছে, তাকে আরও চূড়ান্তভাবে প্রতিষ্ঠার জন্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।’
মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত চেতনাকে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে ধূলিস্যাৎ করে দিচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক, মুক্ত স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে ফেলা হচ্ছে। আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি বহু মত, বহু পথ, ভিন্ন মতের ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়ে একটি দলের শাসন বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না।’
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদসহ দলটির শীর্ষ নেতারা, গণমাধ্যম ব্যক্তিত্ব, কূটনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।








