বিনা অজুহাতে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাদের (ডিসি) কক্ষ সংলগ্ন ‘ছোট রুম’ থেকে ফিরে এসে তারা বলেছেন, উপরের নির্দেশ আছে বলেই এই মনোনয়নপত্রটি বাতিল করতে আমি বাধ্য হচ্ছি।’
সোমবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাদের কক্ষ সংলগ্ন ‘ছোট রুম’ এখন টক অব দ্য কান্ট্রি। বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হবে কি হবে না সেটি জানার জন্য বারবার রিটার্নিং অফিসার ওই ছোট রুমে ছুটে যান। মূলত সরকারের নির্দেশ শোনার জন্যই রিটার্নিং কর্মকর্তারা বারবার ওই রুমে যান। বিএনপি প্রার্থীদের অনেকেরই মনোনয়নপত্র নির্ভুল থাকার পরেও উক্ত ছোট রুম থেকে ফিরে এসে রিটার্নিং কর্মকর্তা (ডিসি) বলেন, উপরের নির্দেশ আছে বলেই এই মনোনয়নপত্রটি বাতিল করতে আমি বাধ্য হচ্ছি।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর একজনেরও মনোনয়নপত্র বাতিল হয়নি বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘কারণ তাদের সাধু সন্ন্যাসী বলে মনে করে নির্বাচন কমিশন।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ টার্গেট করে ৫০ জনের মতো দলের হেভিওয়েট জনপ্রিয় নেতা ও সাবেক এমপিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ রিজভীর। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বগুড়ার ডিসি কর্তৃক মনোনয়নপত্র বাতিলের মাধ্যমে শেখ হাসিনার আরও একটি আক্রোশের শিকার হলেন বেগম জিয়া।’
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়নপত্রে স্বাক্ষর না করা সত্ত্বেও তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে বলে দাবি করেন রিজভী। তিনি আরও বলেন, ‘বলা হয়েছে সৈয়দ আশরাফের মনোনয়নপত্রে টিপসই দেওয়া হয়েছে, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় অচেতন হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। কেউ বিদেশে অবস্থান করলে তার স্বাক্ষর কিংবা টিপসই সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ অ্যাম্বাসির একজন ফার্স্ট সেক্রেটারি কর্তৃক সত্যায়িত করতে হবে, যার মর্যাদা হবে প্রথম শ্রেণির একজন ম্যাজিস্ট্রেটের সমমানের। এ ধরনের কর্মকর্তার দ্বারা সৈয়দ আশরাফের মনোনয়নপত্র সত্যায়িত করা হয়নি। তার মনোনয়নপত্র নোটারি করা হয়েছে বাংলাদেশে, যা আইনসিদ্ধ নয়।’
সৈয়দ আশরাফের নামে নির্বাচনি কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই বলেও ভাষ্য রিজভীর। তিনি বলেন, ‘যেখান থেকে নির্বাচনি খরচ চালানো হবে এমন কোনও অ্যাকাউন্ট না থাকলে সৈয়দ আশরাফের মনোনয়নপত্র বৈধ হলো কীভাবে? লক্ষীপুর-৩ আসনে বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল কাগজপত্র ও অন্যান্য তথ্য দাখিল না করলেও তার মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। এটি নিউজ করতে গেলে তিনি সাংবাদিকদের হুমকি-ধমকিও দিয়েছেন।’
আওয়ামী লীগের অনেক দণ্ডিত নেতারও মনোনয়নপত্র বৈধ করা হয়েছে বলে উল্লেখ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘শেখ হাসিনার ইচ্ছার প্রতি নির্বাচন কমিশনের ভালোবাসা, প্রশ্রয়, সমর্থন প্রতিদিনই গভীর হচ্ছে। শেখ হাসিনা জনগণকে মনে করেন অনুকম্পার বস্তু। তাই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যত পরিকল্পনা-মহাপরিকল্পনা আছে সেগুলো শেখ হাসিনার ইচ্ছানুযায়ী বাস্তবায়ন করছে। কারণ, বর্তমান নির্বাচন কমিশন ও আওয়ামী সরকার একই স্পিসিজ (প্রজাতি)।’
বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী গ্ল্যামারই ধারণ করে আছে বলেও দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘তারা প্লেয়িং ফিল্ড সমতল করা থেকে অনেক দূরে অবস্থান করছে। নির্বাচনি প্লেয়িং ফিল্ড এখন বরেন্দ্র ভূমির ন্যায়। তফসিল ঘোষণার পর থেকে ‘অবৈধ শাসকগোষ্ঠীর’ অসমাপ্ত কাজ সমাপ্ত করছে নির্বাচন কমিশন।’
রিজভী বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের শান্তি, স্বস্তি ও ঘুম নেই। নেতাকর্মীরা প্রতিনিয়ত গুম আর গ্রেফতার হচ্ছে কিংবা গ্রেফতার ও গুম আতঙ্কে ভুগছেন।’








