বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জানাতে আগামীকাল সোমবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলন ডেকেছে কারাবন্দি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এদিন দুপুরে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা তুলে ধরা হবে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে বিএসএমএমইউ’র পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
প্রসঙ্গত, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সঙ্গিন ও সংকটাপন্ন বলে গত ২ দিন ধরে দাবি করা হয় তার পরিবার ও দলের পক্ষ থেকে। পাল্টাপাল্টি বক্তব্যও রাখেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। কিন্তু এ বিষয়ে বিএসএমএমইউ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কোনও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, ‘সোমবার দুপুরে আমরা একটি সংবাদ সম্মেলনের আয়োজ করেছি। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যেসব প্রশ্ন রয়েছে, সেসব প্রশ্নের উত্তর সেখানেই দেওয়া হবে। এ বিষয়ে এখন কিছু বলছি না। কাল সব প্রশ্নের উত্তর দেওয়া হবে।’
গত ২৫ অক্টোবর বিএসএমএমইউ’র প্রিজন সেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তার পরিবারের ৬ জন সদস্য। সাক্ষাৎ শেষে তার বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। তিনি খেতে, বসতে ও চলাফেরা করতে পারছেন না। শুয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। তার শরীর খুব খারাপ। উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে চান।’
সেলিমা ইসলাম অভিযোগ করেন, ‘গত দুই সপ্তাহ ধরে চিকিৎসকরা তাকে দেখতে আসেন না। কোনও চিকিৎসাও দেওয়া হচ্ছে না। অযথা তাকে এখানে ফেলে রাখা হচ্ছে। আমরা তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাই।’
খালেদা জিয়ার পরিবারের সদস্যদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ নিয়ে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার সিদ্ধান্ত সরকারের নয়, আদালত নেবেন। অসুস্থতার কথা বলে তার জন্য সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন তারা। এটি করতে গিয়ে বিএনপি নেতারা বরং খালেদা জিয়াকে অসম্মানিত করছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বিএসএমএমইউ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, খালেদা জিয়া নিয়মিত ডিউটি ডাক্তারের চেকআপের মধ্যে রয়েছেন। এছাড়া, সিনিয়র ডাক্তাররা তাকে এক-দুই দিন পর পর দেখতে যান। তার স্বাস্থ্য পরীক্ষা করেন।’
এদিকে রবিবার (২৭ অক্টোবর) সকালে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য অত্যন্ত সঙ্গিন ও সংকটাপন্ন। তার জীবনের হুমকি দেখা দিয়েছে। তিনি সুস্থ অবস্থায় ফিরে না আসার আশঙ্কা দেখা দিয়েছে।’
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা ঘোষণার পর খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর গত ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।








