ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘কোনও অপচেষ্টা করে আমাকে থামানো যাবে না। আমি জনগণকে উদ্বুদ্ধ করতে মানুষের দ্বারে দ্বারে যাবে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। আমি এই এলাকায় দীর্ঘ সময় অনেক উন্নয়ন করেছি। যা এলাকার মানুষ জানে এবং তারা আমাকে চেনে। তাই উন্নয়নের জন্য তারা আমাকে ভোট দেবেন।’
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার শারুলিয়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি অভিযোগ করেন, ‘জনগণের সাড়া দেখে আওয়ামী লীগের প্রার্থী দিশেহারা হয়ে পড়েছে। এ কারণে তিনি সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। আমাদের শান্তিপূর্ণ প্রচারে বাধা দিচ্ছেন। গণসংযোগে বাধা দিয়েছে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থকরা।’
সালাহউদ্দিন বলেন, নির্বাচন কমিশনকে বারবার আমার অভিযোগুলো জানিয়েছি। কিন্তু তারা কোনও পদক্ষেপ গ্রহণ করছে না।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ সাধারণ সম্পাদক আকবর হোসেন নান্টু, প্রচার সম্পাদক আব্দুল হাই পল্লব, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ কয়েক শতাধিক নেতাকর্মী।








